নোয়াখালী জেলার সোনাইমুড়ির আমিশাপাড়া বাজারে গতকাল শুক্রবার সকালে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা ধাওয়া -পাল্ট ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন জাবের (৪০) নামে এক ভ্যানচালক। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ছাত্রলীগের মহিন (৩২) ও রিপন (১৮)। নিহত জাবের ঐ এলাকায় দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। তার বাড়ী লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়।
জানা গেছে, ভ্রদগাঁও গ্রামের ছাত্রলীগ কর্মী সালাউদ্দিন (২০) সকালে দক্ষিণ বাজার স্কুল রোডে গেলে বাসুকি গ্রামের বিএনপি সমর্থক কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী তাকে আটক করে বেদম মারধর করে রাস্তার উপর ফেলে রাখে। ছাত্রলীগের নেতাকর্মীরা এই খবর শুনে তারাও সশস্ত্র অবস্থায় হামলা চালায়। এর কিছুক্ষণ পর বাসুকি গ্রামে বিএনপি সন্ত্রাসীরাও বাজারে হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় গুলিবিদ্ধ হন ভ্যানচালক জাবের। বজরা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়। এসময় বিএনপির নেতাকর্মীরা আমিশাপাড়া বাজারে থাকা আওয়ামী লীগের সমস্ত পোস্টার ও ব্যানার নামিয়ে ছিঁড়ে ফেলে। এ ঘটনার পর দুই দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমিশাপাড়া বাজারের দোকানপাট বন্ধ রয়েছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থানার কর্তব্যরত অফিসার জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।
