কমিউনিটি ক্লিনিক মাতৃমৃত্যু হার কমিয়েছে

আপডেট : ২৩ মে ২০১৪, ২৩:৩২
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সরকার প্রত্যেক গর্ভবতী নারীর রেজিস্ট্রেশন করে নিয়মিত চিকিত্সার ব্যবস্থা করছে। এর ফলে গ্রাম পর্যায়ে সন্তান জন্মদানকালে মাতৃমৃত্যুর হার অনেক কমে এসেছে। গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনে ‘কমিউনিটি হেলথ কেয়ার-বিয়িং হেলথ কেয়ার টু ইউর ডোর’- শীর্ষক সভায় বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এ দাবি করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামে কাজ করছে এমন প্রায় তের হাজার কমিউনিটি ক্লিনিকের উপর দেশের জনগণ খুবই সন্তুষ্ট। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার প্রায় ছয় হাজার জনগণ প্রাথমিক চিকিত্সা পাওয়ার পাশাপাশি ৩০ ধরনের ওষুধ বিনামূল্যে পাচ্ছে। এমনকি এখান থেকে ‘রেফারেল সিস্টেমে’ উন্নত চিকিত্সাও দেয়া হচ্ছে। তিনি বলেন, কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে ‘নিউক্লিয়ার’ হিসাবে কাজ করছে। এই ব্যবস্থা সরকার ও জনগণের যৌথ অংশ দারিত্বের এক অনন্য মডেল। এ জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দ বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে। কমিউনিটি ক্লিনিকগুলো আজ বিশ্বব্যাপী উদাহরণ সৃষ্টি করেছে বলেও তিনি মন্তব্য করেন।