ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিমি যানজট

আপডেট : ২৩ মে ২০১৪, ২৩:৫৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের প্রায় ৫০ কিলোমিটার এলাকায় শুক্রবার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটে ঘন্টার পর ঘন্টা দূরপাল্লার গাড়িতে বসে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তবে ভোর থেকেই ইলিয়টগঞ্জ, চান্দিনা ও ময়নামতি হাইওয়ে থানা পুলিশের কয়েকটি টিম কাজ করে বিকাল ৪টার দিকে যানজট নিয়ন্ত্রণে আনে বলে পুলিশ জানিয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনায় ট্রাক ও কাভার্ড ভ্যান রাস্তার উপর উল্টে যায়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের জেলার ইলিয়টগঞ্জ থেকে সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তি পোহায় অনেক মানুষ। এ ভোগান্তি থেকে বাদ যায়নি মন্ত্রী-এমপিদের গাড়ি এবং রোগীবাহী অ্যাম্বুলেন্স। তবে দুপুর পর্যন্ত যানজট তীব্র থাকলেও বিকাল ৪টার দিকে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হয়। ময়নামতি হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানান, শুক্রবার মহাসড়কে এমনিতেই যানবাহনের চাপ বেশি থাকে। এর সাথে যুক্ত হয়েছে ইলিয়টগঞ্জ এলাকার দুর্ঘটনা এবং চান্দিনা ও নিমসার বাজারের যানজট।