যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, পর্যটন শিল্পের উন্নয়নে পার্বত্য অঞ্চলের অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বাড়ানো হবে। গতকাল শুক্রবার সকালে বান্দরবানের চিম্বুক-থানছি সড়কের উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, কক্সবাজারের মেরিন ড্রাইভ প্রকল্প ১৮-২০ বছর ধরে পড়ে আছে। প্রতিবছর কিছু টাকা ( এক কোটি বা দুই কোটি) বরাদ্দ দেয়া হয়। সেগুলো সাগরে বিলীন হয়ে যায়। এ নিয়ে পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে বসবো। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামালও উপস্থিত ছিলেন।
জানা গেছে, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আড়াই হাজার ফুট পাহাড়ের চূড়ায় আঁকা বাঁকা চিম্বুক-থানছি ৫৩ দশমিক ৫ কিলোমিটারের সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ৯৩ কোটি ৮৮ লক্ষ ৭১ হাজার টাকা। এর নির্মাণ কাজ শুরু হয় ১৯৯৩ সালের অক্টোবর মাসে।
রামু (কক্সবাজার) সংবাদদাতা জানান, মন্ত্রী শুক্রবার একইসঙ্গে কক্সবাজারের রামুর অন্যতম পর্যটন কেন্দ্র উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, পুরাকীর্তি সমৃদ্ধ এলাকা রামুসহ কক্সবাজারের যোগাযোগ ও পর্যটন উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
