হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, দেশে বিদেশে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র ও আঘাত চালানো হচ্ছে। দাড়ি-টুপী ও হিজাব পরিহিত মুসলমান নারী-পুরুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। ইসলাম বিদ্বেষী নাস্তিক্যবাদীদের বিভিন্ন পদক্ষেপে ঈমান ও ইসলাম নিয়ে বসবাস করা কঠিন হয়ে উঠছে। তিনি ঈমান ও ইসলামের হেফাজতের লক্ষ্যে উলামা-মাশায়েখ ও সাধারণ মুসলমানদের ঐক্যবদ্ধ অবস্থানের উপর গুরুত্বারোপ করে তরুণ আলেমদের প্রতি ইসলামের শান্তি, সাম্য ও ঐক্যের বাণী জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার আহ্বান জানান। তরুণ আলেমদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আল্লামা শফী আরো বলেন, ঈমান-আকীদা ও ইসলামের জন্য যে কোনো পদক্ষেপ যেন শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হয়, সেদিকে নজর রাখবেন। কারণ, মুসলমানরা সুশৃঙ্খল জাতি। ইসলামে বিশৃঙ্খলা, হানাহানি, ভাংচুর ও সন্ত্রাসের কোন স্থান নেই।
শুক্রবার চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার দাওরায়ে হাদীসের (স্নাতকোত্তর) খতমে বুখারী ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বেলা ১১টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত দ্বীনি সমাবেশে দাওরায়ে হাদীস এর সমাপনী দরস সম্পন্ন হয়। বিকেল সাড়ে ৩টায় হাদীস শাস্ত্রের বিশুদ্ধ ও প্রধান কিতাব বুখারী শরীফের আখেরী দরস বা সমাপনী ক্লাস শেষ হয়।
মুহাম্মদ আব্দুল ওহাব ফয়সাল ও মুহাম্মদ নাসিম বিন মুফতী নূর আহমদ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস মুফতী নূর আহমদ, প্রখ্যাত মুহাদ্দিস হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী, নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, পটিয়া মাদ্রাসার সহকারী পরিচালক মুফতী মুজাফফর আহমদ, হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস মুফতী কিফায়াতুল্লাহ, মুফতি জসীম উদ্দীন, মাওলানা ফোরকান আহমদ প্রমুখ। দাওরায়ে হাদীস বিদায়ী ক্লাসের ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন মুহাম্মদ নিজাম উদ্দীন, মুহাম্মদ উবায়দুল্লাহ, মুহাম্মদ আবু সায়েম, মুহাম্মদ আরশাদ আল-মাদানী, মুহাম্মদ কাজী জাহিদুল ইসলাম, ইবরাহীম খলীল, মুহাম্মদ রাশেদ প্রমুখ।
