গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে গুলি করে পুলিশ সোর্স বুদা মিয়াকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মাজেদ চেয়ারম্যানের মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত বুদা মিয়া উপজেলার দড়ি জামালপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে ও স্থানীয় কাপড় ব্যবসায়ী ছিলেন।
সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) মোস্তাফিজার রহমান জানান, রাতে দোকানের সাটার খোলার সময় দুর্বৃত্তরা বুদা মিয়ার বুকে গুলি করে। এসময় গুলির শব্দ ও তার চিত্কারে আশ-পাশের দোকানদাররা এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিঠাপুকুরের জায়গীরহাট এলাকায় মারা যান।
তিনি আরো জানান, রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছেন। পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।
