দিনাজপুরে তিন দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্র মোরসালিন

আপডেট : ২৪ মে ২০১৪, ২২:০২
গত ৩ দিনেও অপহূত স্কুলছাত্র ছাইয়েদুল মোরসালিনকে (১৫) উদ্ধার করতে পারেনি দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ। অপহরণকারীরা মোবাইলে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। এদিকে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে শনিবার রশিদুল (১৯) নামে এক কলেজ ছাত্রকে আটক করা হয়েছে। দিনাজপুর কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন জানান, গত বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে দিনাজপুর সদর উপজেলার মহব্বতপুর গ্রামের মোকছেদুল ইসলামের পুত্র ও চেরাডাঙ্গী হাই স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র ছাইয়েদুল মোরসালিনকে একদল অপহরণকারী অপহরণ করে। ছাইয়েদুলের পিতা মোকছেদুল ইসলাম দিনাজপুরের একজন দলিল লেখক। অপহরণের একদিন পর গতকাল শুক্রবার বিকালে ০১৯৫১৩৫৩২৮৬ নম্বর থকে কল করে অপহূত ছাইয়েদুলের পিতার নিকট মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করা হয়। এত অর্থ দেয়া সম্ভব না বলে মোকছেদুল কিছু অর্থ দেয়ার কথা বলেন। ছেলে কোথায় আছে জিজ্ঞাসা করলে অপহরণকারী উত্তরে বলেন, টাকা দিলেই ছেলেকে ফেরত পাবেন। অপহূত মোরসালিনের ভগ্নিপতি সাইদুর রহমান গত শুক্রবার সন্ধ্যায় কোতয়ালী থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল আলম জানান, মোরসালিনকে উদ্ধারের জন্য বিভিন্নভাবে পুলিশী তত্পরতা চালানো হচ্ছে।