তামাবিল স্থলবন্দর পরিদর্শন ভারতীয় সহকারী হাই কমিশনারের

আপডেট : ২৪ মে ২০১৪, ২২:০৩
বাংলাদেশের চট্টগ্রাম অফিসে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার শনিবার তামাবিল স্থলবন্দর পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক উন্নয়নে দু’ দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। তিনি বলেন, তামাবিল স্থল বন্দরটি ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা সময়ের দাবি। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান চমত্কার সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এই সম্পর্ক আরো সুদৃঢ় হবে। সোমনাথ হালদার সকাল ৯টায় স্থলবন্দর পরিদর্শনে আসেন। তিনি তামাবিল চেক পোস্ট দিয়ে ভারতের ডাউকিতে যান এবং সেখানে সে দেশের কর্মকর্তাদের সাথেও মতবিনিময় করেন। সেখানে তিনি প্রায় ৪০ মিনিট অবস্থান করেন। এ সময় উপস্থিত ছিলেন তামাবিল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা নজির আহমেদ মল্লিকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিকে ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার গত শুক্রবার সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসভবনে সৌজন্য সাক্ষাত্ করেন। আরিফ সহকারী হাই কমিশনারকে বলেন, বাংলাদেশিদের কাছে শিলং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এই অঞ্চলের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে ভিসা প্রসেসিং সহজীকরণ করতে হবে। তিনি আরো বলেন বিপুল সংখ্যক রোগী প্রতিবছর ভারতে চিকিত্সা নিতে যান সেই দিকও বিবেচনায় সিলেটে একটি ভারতীয় ভিসা প্রসেসিং সেন্টার করা জরুরি। সোমনাথ হালদার জবাবে বলেন, সিলেটের পাসপোর্ট কালেকসন সেন্টারকে ভিসা প্রসেসিং সেন্টারে রূপান্তর করা সম্ভাবনা আছে।