গোপালগঞ্জে শনিবার ডিবি পুলিশ হেফাজতে আশরাফ হাওলাদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আশরাফ হাওলাদার মাদারীপুর জেলার সদর উপজেলার বল্লবদী গ্রামের মৃত সুরমান হাওলাদারের ছেলে। তবে পুলিশ হেফাজতে ঐ ব্যক্তির মৃত্যুর কথা অস্বীকার করেছেন গোপালগঞ্জ ডিবি পুলিশের ওসি আলীমুল হক।
গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিত্সক ইমতিয়াজ ফারুক জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০টায় হাসপাতালে আনার আগেই ঐ ব্যক্তির মৃত্যু হয়।
গোপালগঞ্জ ডিবি পুলিশের ওসি আলীমুল হক বলেন, শহরের কোর্ট মসজিদে আসা তাবলীগ জামাতের একদল লোক শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের পুকুর পাড়ে মানিব্যাগ ও মালামাল পুটলা করে রেখে অজু করছিল। এ সময় আশরাফ ম্যানিব্যাগ নিয়ে দৌড় দেয়। ডিসি অফিস এলাকা থেকে লোকজন তাকে আটক করে ডিবি পুলিশে সোপর্দ করে। শুক্রবার রাত ১২টা ৫ মিনিটে তাকে গোপালগঞ্জ সদর থানা হাজতে রাখা হয়। সকাল ৯টা ২০ মিনিটে তাকে গোপালগঞ্জ থানা হাজত থেকে আনার পর সে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেয়ার কিছু সময় পর সে সেখানে মারা যায়। হার্ট এ্যাটাক, ভয় অথবা তার শরীরের আভ্যন্তরীণ কোন সমস্যার করণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। তাকে আটকের ব্যাপারে একটি জিডি করা হয়।
গোপালগঞ্জে ডিবি পুলিশ হেফাজতে মৃত আশরাফ হাওলাদারের লাশের সুরতহাল রিপোর্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেক শেখের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. ইমতিয়াজ ফারুক জানিয়েছেন।
