সিলেটের দক্ষিণ সুরমা এলাকা অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। প্রতিনিয়ত সেখানে অপরাধ কর্মকাণ্ড ঘটছে। ছিনতাই, মটর সাইকেল, সিএনজি অটো রিক্সাসহ বিভিন্ন ধরনের গাড়ী চোরদের নিরাপদ আস্তানা দক্ষিণ সুরমা এলাকা। বিভিন্ন স্পটে পতিতাবৃত্তি, জুয়া চলে। এলাকাবাসীর অভিযোগ এ সম্পর্কে পুলিশের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায় না। মাদক হাটগুলো উচ্ছেদ করতে সংশ্লিষ্ট থানা পুলিশকে বললেও কোন কাজ হয় না বলে জানান সংশ্লিষ্ট এক ওয়ার্ড কাউন্সিলর।
গতকাল দুপুর ১২টায় দক্ষিণ সুরমা থানা আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানেও সংশ্লিষ্ট থানা পুলিশের কর্মকাণ্ড সম্পর্কে নানা অভিযোগ উঠে এলাকাবাসীর পক্ষ থেকে। এ সময় এসএমপির পুলিশ কমিশনার শেখ মিজানুর রহমান দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন কুমারকে ৭২ ঘন্টা সময় বেঁধে দিয়ে বলেন এই সময়ের মধ্যে মাদকহাট উদ্ধারে সফলতা দেখাতে না পারলে ওসিকে বিদায় জানাবেন।
এদিকে মাদক সেবীসহ বিভিন্ন অপরাধীদের নিরাপদ আস্তানা দক্ষিণ সুরমা এলাকার লালাবাজার ও আলমপুরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ২টি তদন্ত কেন্দ্র বা ক্যামপ অচিরেই স্থাপন করা হবে। গতকাল এসএমপির কমিশনার এই ঘোষণা দেন।
সহকারী পুলিশ কমিশনার অপূর্ব সাহার পরিচালনায় এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মোঃ আবু জাহিদ, প্রফেসর ডাঃ আফজল মিয়া, সিলেট এসএমপির উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মুশফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার জেদান আল মুছা ও সাজ্জাদুর রহমান।
