ওয়ার্ডপ্রেস স্রষ্টা

আপডেট : ২৫ মে ২০১৪, ২০:২৫
ওয়ার্ডপ্রেস শুধুমাত্র একটি প্ল্যাটফর্মই না, এটা ছড়িয়ে পড়েছে অনেক শক্তিশালী ক্যারিয়ার হিসেবেও। দিন দিন বেড়েই চলেছে এই প্ল্যাটফর্মটির চাহিদা। আর এর পেছনে যিনি রয়েছেন তিনি হয়ে উঠছেন আরও জনপ্রিয়। ম্যাট মুলেনওয়েগ, ওয়ার্ডপ্রেসের নির্মাতাকে নিয়ে লিখেছেন প্রাঞ্জল সেলিম ২০১২ সালের হিসেব অনুযায়ী সারাবিশ্বের শতকরা ১৬ ভাগ ওয়েবসাইট দখল করে আছে ওয়ার্ডপ্রেস। এই হিসেব এখন জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। ওয়েব এবং ওয়ার্ডপ্রেস শব্দ দু’টি এখন সমার্থক শব্দ হিসেবে বিবেচিত হয়। ওয়ার্ডপ্রেসের জন্ম ২৭ মে ২০০৫। আর কিছুদিন পর সারাবিশ্বে ঘটা করে পালন করা হবে ওয়ার্ডপ্রেসের দশম জন্মদিন। ওয়ার্ডপ্রেসের নির্মাতা ম্যাট মুলেনওয়েগ। ওয়ার্ডপ্রেস বর্তমান সময়ের বহুল ব্যবহূত এবং সর্বাধিক জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্লগিং সফটওয়্যার। এটি মূলত পিএইচপি এবং মাইএসকিউএল দিয়ে তৈরি এবং নিয়ন্ত্রিত একটি ব্লগিং প্যাকেজ সফটওয়্যার। ওয়ার্ডপ্রেসের ব্যবহারের ক্ষেত্রে অনেকগুলো সুবিধা রয়েছে। ব্যবহারকারীদের সুবিধার্তে ওয়ার্ডপ্রেসকে ওপেন সোর্স করে দেওয়া হয়েছে যাতে যে কেউ সহজেই তার ইচ্ছামতো পরিবর্তন করে নিয়ে কাজ করতে পারে। ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো প্রকার পিএইচপি, মাইএসকিউএল বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই ওয়েবসাইট বা ব্লগ কয়েক দিনেই তৈরি করা সম্ভব। তবে পেশাগত কাজের মান আনতে হলে অবশ্যই এইচটিএমএল, সিএসএস, পিএইচপি সাথে মাইএসকিউএল সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। ওয়ার্ডপ্রেস সিএমএস প্যাকেজ সফটওয়্যারটি ওপেনসোর্স এবং বিনামূল্যে পাওয়া যায়। এছাড়াও বিনামূল্যে অজস্র থিম, প্লাগইন পাওয়া যায় যা আপনার কাজকে করবে আরও বেগবান। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হওয়ায় যেকোনো তথ্য সহজেই হালনাগাদ করা যায়। এছাড়াও ওয়ার্ডপ্রেস ব্যবহারবান্ধব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশেন ইত্যাদি। ইন্টারনেটে ব্লগসাইটের সংখ্যা অগণিত! বেশির ভাগ ব্লগসাইটই ‘ওয়ার্ডপ্রেস’ স্ক্রিপ্ট দিয়ে তৈরি। ম্যাট মুলানভেগ সর্বপ্রথম ওপেনসোর্সভিত্তিক ব্লগ স্ক্রিপ্ট ওয়ার্ডপ্রেস তৈরির উদ্যোগ নিয়েছিলেন। ২০০২ সালের ঘটনা। ছবিভিত্তিক একটি প্রতিযোগিতায় অংশ নেবেন ম্যাট। এ জন্য একটি ব্লগসাইট তৈরি করা দরকার। এ কাজে তিনি ব্যবহার করলেন বি-টু ক্যাফেলগ ব্লগিং সফটওয়্যার। সফটওয়্যারটিতে তিনি প্রয়োজনীয় সব ফিচার খুঁজে পেলেন না। এ পরিস্থিতিতে তিনি নিজস্ব কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরির কথা ভাবলেন। বি-টু কোড থেকেই তৈরি করলেন নতুন ব্লগিং সিএমএস ‘ওয়ার্ডপ্রেস’। কাজ করার সময় সঙ্গে পেলেন বি-টুর মূল ডেভেলপার মাইকেল ভাদরিঘিকে। নিজস্ব হোস্টিংয়ে ব্লগ তৈরির জন্য সিএমএস ডাউনলোড করার সুযোগ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে যাতে সবাই ব্লগসাইট তৈরির সুযোগ পায়, এ জন্য তৈরি করলেন ওয়ার্ডপ্রেস ডট কম সাইটটি। প্রথম দিকে কেবল ইনভাইটেশনের মাধ্যমে ব্লগ তৈরি করা গেলেও ওয়ার্ডপ্রেস ডট কম সাইটে ব্লগ তৈরি ২০০৫ সালের নভেম্বরে উন্মুক্ত করে দেওয়া হয়। খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এ প্ল্যাটফর্ম। ওয়ার্ডপ্রেসের পাশাপাশি অটোমেটিক, বাড্ডিপ্রেস, বিবিপ্রেস এবং অ্যাকিসমাতসহ বেশ কিছু সফটওয়্যার তৈরির উদ্যোক্তাও তিনি। ফটোগ্রাফিতেও ম্যাট মুলানভেগের বেশ আগ্রহ। নিজস্ব ব্লগসাইট http://ma.tt-এ নিয়মিত তিনি ওয়ার্ডপ্রেস, ওয়েব, জাজ, ফটোগ্রাফি এবং তার জীবনযাপনের বিভিন্ন তথ্য নিয়ে ব্লগিং করেন। ম্যাট স্নাতক করেছেন ইউনিভার্সিটি অব হিউস্টন থেকে। তিনি হাই স্কুল ফর দ্য পারফর্মিং অ্যান্ড ভিজুয়াল আর্টস থেকে শিখেছেন জাজ স্যাক্সোফোন বাজানো।