মনোনয়নপত্র সংগ্রহ করলেন কাদের সিদ্দিকী ও আকরাম

আপডেট : ২৫ মে ২০১৪, ২২:০৪
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপ-নির্বাচন জমে উঠতে শুরু করেছে। তবে রবিবার পর্যন্ত চমক ছিল কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র সংগ্রহ। এদিন ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন যাদের মধ্যে রয়েছেন এ আসনের সাবেক এমপি ও নাগরিক ঐক্যের নেতা এস এম আকরাম। এখন পর্যন্ত এ আসনের উপ-নির্বাচনের জন্য ৬ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার তারিফুজ্জামান জানান, রবিবার কাদের সিদ্দিকী, এস এম আকরাম, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি শফিকুল ইসলাম, ইকবাল সিদ্দিকী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে শনিবার রাতে নারায়ণগঞ্জে কর্মী সভায় কাদের সিদ্দিকী বলেন, একের পর এক খুন গুম এই জেলার মানুষের ঘুম কেড়ে নিয়েছে। নারায়ণগঞ্জ থেকে অসুস্থ রাজনীতি দূর করতে কৃষক শ্রমিক জনতা লীগ এ আসনে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। অচিরেই দলের প্রার্থিতা ঘোষণা করা হবে। এর আগে সকালে এ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের পদত্যাগী আহবায়ক এস এম আকরাম এ আসনে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। জাতীয় পার্টির এমপি নাসিম ওসমানের মৃত্যুতে এ আসনে উপ-নির্বাচন হবে আগামী ২৬ জুন। শনিবার নারায়ণগঞ্জে নাসিম ওসমানের স্মরণ সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আসলেও তিনি আনুষ্ঠানিকভাবে কারো নাম ঘোষণা করেননি।