চট্টগ্রামে নৃশংসভাবে মা ও মেয়েকে খুনের ঘটনার মামলায় চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। চার্জশিটে মেয়ের বন্ধু আবু রায়হান ওরফে আরজু (২১) এবং ভাড়াটে খুনি শহীদকে (২৫) আসামি হিসেবে অভিযুক্ত করা হয়। অভিযোগপত্রে ৩৭ জনকে সাক্ষী করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ডবলমুরিং থানার এসআই মো. মাইনুদ্দীন গতকাল রবিবার মহানগর আদালতের সাধারণ নিবন্ধন শাখায় চার্জশিট জমা দেন। এর আগে গত সপ্তাহে চার্জশিটের সাক্ষ্যস্মারকে অনুমোদন দেন চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দীন। ঘটনার মাত্র ২ মাসের মধ্যে এই জোড়াখুনের মামলার চার্জশিট আদালতে জমা দেয়া হলো। আজ সোমবার তা আদালতে দাখিল করার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মামলার তদন্ত কর্মকর্তা মো. মাইনুদ্দীন ইত্তেফাককে বলেন, মূলত প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রতিশোধ নিতেই নিশাতকে খুন করার পরিকল্পনা করে রায়হান। এজন্য তিনি খুলশী এলাকার একটি আবাসিক হোটেলের প্রাইভেট কার চালক শহীদকে ভাড়া করে। ২৪ মার্চ সকালে তারা ২ জন নিশাতদের ফ্ল্যাটে প্রবেশ করে মা ও মেয়েকে নৃশংসভাবে খুন করে।
