শান্তিপূর্ণ ঈদ উদযাপন
নিশ্চিত করার নির্দেশ
বিশেষ প্রতিনিধি
মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। মানুষের ঈদযাত্রা শান্তিপূর্ণ করতে তিনি বলেছেন, এবার ঈদ উপলক্ষে টার্মিনাল থেকে বাস ছাড়ার আগেই চালকের ড্রাইভিং লাইসেন্স, অন্যান্য কাগজপত্র ও পরিবহনের ফিটনেস পরীক্ষা করতে হবে। কোনোভাবেই বাসের ছাদে যাত্রী উঠতে দেওয়া যাবে না। ঈদুল ফিতর সামনে রেখে গতকাল রবিবার দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে সব মহানগর ও রেঞ্জের পুলিশ কর্মকর্তাদের ভিডিও কনফারেন্সে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি। ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন মহানগর সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার ও তদূর্ধ্ব কর্মকর্তারা এবং রেঞ্জ ডিআইজি কার্যালয়ে রেঞ্জের অধীন জেলা পুলিশ সুপার ও তদূর্ধ্ব কর্মকর্তারা।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সোহেল রানা জানান, সাধারণ মানুষের ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে মার্কেট ও শপিংমলে ভোর পর্যন্ত পোশাকে ও সাদা পোশাকে বিশেষ নিরাপত্তার নির্দেশ দিয়েছেন আইজিপি।
সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দিয়ে পুলিশ প্রধান বলেন, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি স্থাপন, ট্রাক, পিকআপ, পণ্যবাহী ট্রাকে যাত্রী পরিবহন রোধ এবং সুনির্দিষ্ট তথ্য ছাড়া মহাসড়কে যানবাহন থামানো যাবে না।
