ইত্তেফাক রিপোর্ট
আসন্ন ঈদুল ফিতরের প্রথম জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে দুর্যোগপূর্ণ বা প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার নগর ভবনে আয়োজিত ৫৫টি সেবা সংস্থার সমন্বয়ে অনুষ্ঠিত ঈদ জামাতের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ ঘোষণা দেন। তিনি বলেন, আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে সুষ্ঠুভাবে সুন্দর ঈদ জামাত উপহার দেওয়ার। প্রতি বছরের মতো এবারো জাতীয় ঈদগাহে একসঙ্গে ৮৫ হাজার পুরুষ এবং পাঁচ হাজার নারী মুসল্লির জন্য জামাতের ব্যবস্থা থাকবে। এছাড়া সেখানে একসঙ্গে ১৪০ জন মুসল্লির ওজু করার ব্যবস্থাও করা হবে। সভায় ঢাকা মহানগর পুলিশ, গণপূর্ত অধিদফতর, ঢাকা ওয়াসা, র্যাবসহ সেবাদানকারী সংস্থাসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
