দিনাজপুরে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্র হত্যা

আপডেট : ২৬ মে ২০১৪, ২১:৪৭
দিনাজপুরে অপহরণের ৫ দিনের মাথায় স্কুলছাত্র সাইদুল মুরসালিনের লাশ উদ্ধার করা হয়েছে। মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা তাকে হত্যা করেছে। পরিবারের লোকজন ও স্থানীয়রা এ ব্যাপারে পুলিশের নিষ্ক্রিয়তাকেই দায়ী করেছেন। দিনাজপুরের সদর উপজেলার মহব্বতপুর গ্রামের মকসেদুল ইসলামের পুত্র সাইদুল মুরসালিন (১৪)। স্থানীয় চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্র। মুরসালিন অপহরণ হয় গত বৃহস্পতিবার। অপহরণের পর অপহরণকারীরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনাটি পুলিশকে জানানোর পরও উদ্ধার না হওয়ায় অবশেষে শুক্রবার ১০ লাখ টাকা দিতে রাজী হয় মুরসালিনের বাবা। কিন্তু এরপর থেকেই বন্ধ হয়ে যায় অপহরণকারীদের মোবাইল ফোন। অবশেষে সোমবার ভোরে অপহরণকারী পার্শ্ববর্তী রশিদুল ইসলামের বাড়ি থেকে লাশ বের করতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সকালে পুলিশ হাত-পা বাধা অবস্থায় মুরসালিনের লাশ উদ্ধার করে। এদিকে নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন।