রাজধানীর রামপুরায় ইয়াবাসহ গ্রেফতার পুলিশ কনস্টেবল মাসাফুদৌলা আল মাসুদকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হয়েছে। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রবিবার রাতে রামপুরা ব্রিজ থেকে ৩২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, ডিএমপির প্রোটেকশন বিভাগে কর্মরত কনস্টেবল মাসুদকে রবিবার রাত ৯টার দিকে গ্রেফতার করা হয়। ডিবির (উত্তর) ক্রাইম অ্যানালাইসিস টিম এ অভিযান চালায়। এ সময় মাসুদের কাছে ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় রামপুরা থানায় মামলা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, মাদক ব্যবসায়ীদের সঙ্গে মাসুদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং তিনি নিজেও ইয়াবা ব্যবসায় সম্পৃক্ত এমন গোয়েন্দা তথ্য রয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল ১০ দিনের রিমান্ডে চেয়ে তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মহানগর হাকিম অমিত কুমার দে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদে তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন তদন্ত কর্মকর্তা ডিবি’র পরিদর্শক দুলাল হোসেন।
