রাজশাহী অঞ্চলে তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমের পর অবশেষে গতকাল সোমবার বিকালে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। জনমনে ফিরে এসেছে স্বস্তি। নগরীতে সন্ধ্যায় বিভিন্ন বিনোদন স্পটে মানুষের ঢলনামে।
রাজশাহী নগরীসহ আশপাশের উপজেলাগুলোতে গতকাল দুপুর দুইটার দিকে সামান্য বৃষ্টি হয়। পরে বিকেল সাড়ে ৫টা থেকে নগরীতে ঘণ্টাব্যাপী মুষলধারে বৃষ্টি হয়। এমন প্রত্যাশিত বৃষ্টিতে ভিজতে অনেকে রাস্তায় নেমে পড়ে। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নজরুল ইসলাম বলেন, সোমবার রাজশাহী অঞ্চলে প্রথমে দুপুর দুইটার দিকে ৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
