স্থানীয় নির্বাচনে আর টেলিভিশন নয়

আপডেট : ২৬ মে ২০১৪, ২৩:০৫
দশম সংসদ নির্বাচনে একটি নতুন দল টেলিভিশন প্রতীক বরাদ্দ পাওয়ায় এই প্রতীকটি অন্য কোনো স্থানীয় নির্বাচনে বরাদ্দ দেয়া হবে না। গতকাল সোমবার এ বিষয়ে একটি বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে এখন থেকে আর সিটি করপোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই প্রতীকটি থাকছে না। দলটির আপত্তির কারণে এর আগে উপজেলা নির্বাচনেও একই কারণে টেলিভিশন প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। ইসির উপ-সচিব রকিব উদ্দীন মণ্ডল স্বাক্ষরিত ওই পরিপত্রটি বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, প্রক্রিয়াধীন বিভিন্ন স্থানীয় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) টেলিভিশন প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল। প্রতীকটি ওই দলটিকে বরাদ্দ দেয়া হয়েছে। তাই স্থানীয় নির্বাচনগুলোতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত টেলিভিশন প্রতীক আর বরাদ্দ দেয়া যাবে না।