নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল ৪৪ সদস্যের মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। এদের মধ্যে ২৩ জন কেবিনেট মন্ত্রী, প্রতিমন্ত্রী ১১ জন এবং প্রতিমন্ত্রী (স্বাধীন) ১০ জন। মোদী এক মাসের মধ্যে এই মন্ত্রিসভা আরো সম্প্রসারণ করবেন বলে জানা গেছে। খবর এনডিটিভির।
মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারের ‘নাম্বার টু’ হয়েছেন বিজেপি সভাপতি রাজনাথ সিং। এছাড়া পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে সুষমা স্বরাজকে। উল্লেখযোগ্য অন্যরা হচ্ছেন, অর্থ ও প্রতিরক্ষায় অরুন জেটলি, পার্লামেন্টারি অ্যাফেয়ার্সে ভেঙ্কাইয়া নাইডু, পরিবহনে নীতিন গড়কড়ি, রেলে সদানন্দ গৌড়া, পানিসম্পদ ও গঙ্গা পরিচ্ছনতায় উমা ভারতী, সংখ্যালঘু মন্ত্রণালয়ে নাজমা হেপতুল্লাহ, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে মানেকা গান্ধী, টেলিকম ও আইনে রবি প্রসাদ, কৃষিতে রাধা মোহন সিং, মানব সম্পদ উন্নয়নে স্মৃতি ইরানি প্রমুখ। মোদীর পরপরাই শপথ নেন রাজনাথ সিং। তারপর সুষমা স্বরাজ। পরে একে একে অন্যরা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তবে মোদী সিদ্ধান্ত নিয়েছেন ৭৫ বছর বয়সের উপরে কাউকে মন্ত্রিসভায় নিবেন না। ফলে বাদ পড়ছেন এল কে আদভানি, মুরলিমোহন যোশীসহ অনেকে।
৬২ বছর বয়সী সুষমা এবারের অর্থাত্ ষোড়শ লোকসভা নির্বাচনে মধ্য প্রদেশের বিদিশা থেকে পদ্মফুল প্রতীকে প্রতিদ্বনিদ্বতা করে জয়লাভ করেন তিনি। সুষমা স্বরাজ যখন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিলেন, তখন বাংলাদেশের সঙ্গে ভারতের বেশ কয়েকটি অমীমাংসিত সমস্যা সমাধানের অপেক্ষায় রয়েছে। তিস্তার পানি বণ্টন চুক্তি সই এবং স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন কংগ্রেস নেতৃত্বাধীন গত সরকারের সঙ্গে অনেকটা এগিয়েছিল। তবে বিজেপি এই দুটি বিষয়ে গুরুত্ব দেবে বলে ইতোমধ্যে জানিয়েছে। মনমোহন সিংয়ের সরকারে প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন পি চিদাম্বরম, পরে পালাক্রমে এই দায়িত্বে ছিলেন এস এম কৃষ্ণা ও সালমান খুরশিদ।
