ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আগামী ৩০ মে দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নেবেন মোদি।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গতকাল রবিবার সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন, বর্তমান মন্ত্রিসভার সিনিয়র মন্ত্রী হিসেবে মোজাম্মেল হক নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির প্রথমবার শপথের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে ছিলেন। তখন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এবারো প্রধানমন্ত্রী মোদির দ্বিতীয় দফা শপথের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে থাকবেন। স্পিকারের পূর্বনির্ধারিত আরেকটি অনুষ্ঠান থাকায় দিল্লি যেতে পারবেন না। তাই মন্ত্রিসভার সিনিয়র সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক মোদির শপথে যোগ দেবেন।
