কবিতা

আপডেট : ২৭ মে ২০১৪, ২০:১১
দেশের মানিক সুকুমার বড়ুয়া সপ্ত রাজার ধন নয় সে লক্ষ কোটির ধন বঞ্চিত আর ভাগ্যহতের প্রাণের প্রিয়জন। দুইচোখে তাঁর অগ্নিশপথ কণ্ঠে অমর গান দেশের তরে সহ্য করে সকল অপমান। পিরোজপুরের সোনার ছেলে তার ছিলো না জুড়ি এক ঝলকে জাগিয়ে দিতো আঁধার ঘুমেরপুরী স্বাধীন দেশ আর গণতন্ত্র গভীর ভালোবেসে, সেই সে মানিক অমর আজো সোনার বাংলাদেশে। === বুকের মানিক ফারুক নওয়াজ বাংলা মায়ের বুকের মানিক অবাক ছেলে মানিক মিয়া সেই মানিকের জন্ম দিয়ে ধন্য হলো ভান্ডারিয়া। পাকমুলকের শাসকগুলো শুষছে যখন দেশটাকে মানিক তখন কলম দিয়ে আগুন ঝরায় ইত্তেফাকে। লেখার দোষে জেল খেটেছেন ভয় করেনি নির্যাতনে— তাইতো মানিক অমর আজো স্বাধীন দেশে সবার মনে। == সবার মাঝে সোহেল মল্লিক তাঁর মননে সৃষ্টি ছিল, অনেক দূরের দৃষ্টি ছিল স্বপ্ন ছিল আকাশ সমান কি আর, বুকের যতো ইচ্ছেগুলো, ইত্তেফাকেই মূর্ত হলো জন্ম হলো মহান মানিক মিয়ার। এই ভুবনে নেই তো তিনি, তবুও তিনি আছেন রোজ সকালের ইত্তেফাকে হূদয় দিয়ে লেখা থাকে— সেই লেখাতে ‘মানিক মিয়া’ সবার মাঝে বাঁচেন। === সাহসী সৈনিক মিলন সব্যসাচী তোমার শুভ জন্মদিনে ফুটলো বনের ফুলগুলি মধুর সুরে উঠলো গেয়ে গানের পাখি বুলবুলি। মায়ের তুমি মানিক রতন বাবার অনেক আদরের তুমুল রোদে ছায়া দিলেন স্নেহমাখা চাদরের। বাংলাদেশের ইতিহাসে নিত্য তোমার নীতি-বাস বুকটা ভরা সাহস নিয়ে গড়লে নতুন ইতিহাস ‘ইত্তেফাক’এ দেশের খবর প্রকাশ করলে দৈনিক স্বদেশ প্রেমে অটল তুমি নির্ভীক কলম সৈনিক।