প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল মঙ্গলবার নয়াদিল্লীর হায়দরাবাদ হাউসে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠককালে শেখ হাসিনাকে তার বার্তার জন্য শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী। একইসঙ্গে শেখ হাসিনা দ্রুততম সময়ের মধ্যে ভারত সফর করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, গতকাল ভারতের স্থানীয় সময় দুপুর দেড়টায় নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন শিরীন শারমিন চৌধুরী। বৈঠকের বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং সাংবাদিকদের বলেন, স্পিকার শিরীন শারমিনের মাধ্যমে নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। দারিদ্র্য বিমোচন ও ক্ষুদ্র ঋণের মতো বিষয়গুলোতে বাংলাদেশের অগ্র-গতিরও প্রশংসা করেছেন মোদী।
ড. শিরীন শারমিন সাংবাদিকদের বলেন, বৈঠককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা জানিয়ে দেয়া চিঠি মোদিকে হস্তান্তর করা হয়েছে। এতে বাংলাদেশের পক্ষ থেকে মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ সময় বাংলাদেশে শিগগিরই সফরে আসার জন্য নরেন্দ্র মোদী তার আগ্রহের কথা জানিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দ্রুততম সময়ের মধ্যে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শেখ হাসিনা জাপান সফরে থাকায় তাঁর প্রতিনিধি হিসেবে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন শিরীন শারমিন। ভারতে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে দুই দেশের উচ্চ পর্যায়ে এটিই প্রথম বৈঠক। শিরীন শারমিন ছাড়াও গতকাল সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেন মোদী।
