রাণীনগরে পুলিশ পরিচয়ে ডাকাতি

আপডেট : ২৮ মে ২০১৪, ২১:২২
নওগাঁর রাণীনগরে পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দল বাড়ির সবাইকে বেঁধে মারপিট করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার উপজেলার হরিশপুর গ্রামে। গৃহকর্তা আবুল হোসেন জানান, রাতে তার চাতালে শ্রমিকরা ধানভাঙ্গা কাজ করছিল। রাতে ১০/১২ জনের ডাকাতদল চাতালে এসে শ্রমিকদের টহল পুলিশ পরিচয় দেয় । এরপর ডাকাতরা কয়েকজন শ্রমিককে বেঁধে দু’জন শ্রমিককে সঙ্গে নিয়ে ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে যায়। এসময় আবুল হোসেন বাহিরে আসলে ডাকাতরা তাকে এবং পরিবারের সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মারপিট করে আলমারির তালা ভেঙ্গে আড়াই ভরি স্বর্ণের গহনা, ১টি ল্যাপটপ কম্পিউটার, ৪টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার টাকাসহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মাসউদ চৌধুরী জানান, ঘটনাটি জানার পর সেখানে কয়েকজন অফিসারকে পাঠানো হয়েছে।