বাংলাদেশ ডেন্টাল কলেজের শিক্ষার্থী তানজিনা হোসেনকে আগামী ছয় মাস ক্লাস করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ডেন্টাল কলেজের অধ্যক্ষ, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান, সায়েন্স অব ডেন্টাল মেটারিয়ালস বিভাগের চেয়ারম্যান সেজুতি হককে আদালতের এই আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। এছাড়া তানজিনা হোসেনকে ক্লাসে যোগদানের অনুমতি না দেয়া সংক্রান্ত গত ১৩ মার্চ কলেজ গভর্নিং বডির নেয়া সিদ্ধান্তকে কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে সরকার ও কলেজ কর্তৃপক্ষকে এই রুলের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে। রিট আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক ও অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিত রায় শুনানি করেন।
অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক বলেন, বাংলাদেশ ডেন্টাল কলেজের সায়েন্স অব ডেন্টাল মেটারিয়ালস বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে নানা বিষয়ে দুর্ব্যবহার করেন ওই বিভাগের চেয়ারম্যান সেজুতি হক। এর প্রতিবাদ জানিয়ে ওই বিভাগের ৮১ জন শিক্ষার্থী বিবৃতি দেন। পরে শিক্ষার্থীরা ওই বিবৃতি প্রত্যাহার করে নেন। এই বিবৃতি দেয়ার অভিযোগে তানজিনা হোসেনকে ক্লাসে যোগ দেয়া থেকে বিরত রাখে কলেজ গভর্নিং বডি।
