বঙ্গবন্ধুর স্বাক্ষর দেখে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

আপডেট : ২৮ মে ২০১৪, ২৩:১৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল জাপান জাতীয় প্রেসক্লাবে (জেএনপিসি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাক্ষর দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। বঙ্গবন্ধু জাপান সফরকালে ১৯৭৩ সালের ২৯ অক্টোবর জেএনপিসি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি ক্লাবের দর্শনার্থী বইতে স্বাক্ষর করেছিলেন। বইতে বঙ্গবন্ধু বাংলা ও ইংরেজিতে নিজের নাম (শেখ মুজিবুর রহমান) লিখে শুধু স্বাক্ষর করেন। স্বাক্ষরের নিচে তারিখ দেন ২৯-১০-৭৩। তবে তিনি কোন মন্তব্য করেননি বলে ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়। দীর্ঘ ৪০ বছর পর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে তার চারদিনের সরকারি সফরের শেষ দিনে জাপান জাতীয় প্রেসক্লাব পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী স্থানীয় সময় সকাল ১০টায় ক্লাবে যান এবং প্রথমেই দর্শনার্থী বই দেখেন যেখানে ৪০ বছর আগে বঙ্গবন্ধু স্বাক্ষর করেছিলেন। বঙ্গবন্ধুর স্বাক্ষর দেখে শেখ হাসিনা আবেগাপ্লুত হন। প্রেসক্লাবের কনফারেন্স রুমে জাপানের স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে আবেগপ্রবণ হওয়ার কথা তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, এ স্বাক্ষর দেখে আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। ঐতিহাসিক এ স্বাক্ষর সংরক্ষণ করায় ক্লাব কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী পরে দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন। সেখানে তিনি বাংলায় মন্তব্য করেন ‘আমার আন্তরিক শুভেচ্ছা রইলো’। প্রেসক্লাব কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীকে কিছু উপহার দেন। তিনিও বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য সম্বলিত একটি পেইন্টিং তাদের উপহার দেন। এ সময় অন্যান্যের মধ্যে এম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, মুখ্য সচিব আব্দুস সোবহান সিকদার, ইআরডি সচিব মো. মেছবাহউদ্দিন, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রধানমন্ত্রী বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ও ডেপুটি প্রেস সচিব বিজন লাল দেব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেএনপিসি’র সেক্রেটারি জেনারেল সুচি ইতাবু সূচনা বক্তব্য রাখেন।