রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে হাইকোর্টের আদেশ কার্যকর না করায় ডিসি ট্রাফিক (দক্ষিণ)সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আশরাফুল কামালকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
হিউম্যান রাইট্স এন্ড পিস ফর বাংলাদেশের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট এক আদেশে রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত ফুটপাত পরিষ্কার রাখাসহ যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখার জন্য সরকারকে নির্দেশ দেয়। আদেশে বলা হয়, জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত ফুটপাত বা রাস্তার ওপর বালু, রড বা যে কোন পণ্য রাখা, ভ্যানগাড়ি এবং ঠেলাগাড়ি পার্কিং করা, রাস্তার পাশে দোকানগুলোর পণ্যসমূহ ফুটপাত বা রাস্তা দখল করে না রাখা, দোকান ও ফেরিওয়ালা, ফলের দোকান না বসতে পারে সে জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঢাকা জজ কোর্টের আইনজীবী, বিচারপ্রার্থী ও বিচারকদের ট্রাফিক জ্যামের ভোগান্তির হাত থেকে রক্ষা করতে এই রিট পিটিশন দায়ের করা হয়। কিন্তু সম্প্রতি হাইকোর্টের ওই আদেশ কার্যকর না হওয়ায় এডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকীর পক্ষে এডভোকেট মনিজল মোরসেদ এ মামলা দায়ের করেন। মামলায় ডিসি ট্রাফিক (দক্ষিণ)সহ রমনা, কোতয়ালী, সুত্রাপুর ও বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে বিবাদী করা হয়েছে।
