মিরসরাইয়ে গণপিটুনিতে ডাকাত নিহত অস্ত্র উদ্ধার

আপডেট : ২৯ মে ২০১৪, ২১:৪১
মিরসরাইয়ে দুই বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা মোবাইল সেট লুট করে নিয়ে যায় ডাকাতরা। এসময় ডাকাতদের হামলায় ৪ জন আহত হয়েছে। পরে গণপিটুনিতে রনি (২৭) নামে ডাকাত দলের এক সদস্য মারা গেছে। গত বুধবার রাতে উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের পূর্ব সাহেরখালী বাপনাপুকুর ও মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকায় এসব ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের ফেলে যাওয়া একটি দেশীয় অস্ত্র, ৬ রাউন্ড গুলি ও একটি সাবল উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ডাকাত রনির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার মিরসরাই থানার উপ-পরিদর্শক অলি আহম্মদ বলেন, রনির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে (চমেক) পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।