পাবনার সুজানগরের হাট-বাজারে প্রচুর পরিমাণে মৌসুমি ফল আম উঠতে শুরু করেছে। কিন্তু জ্যৈষ্ঠ মাসের অর্ধেক পেরিয়ে গেলেও উপজেলার হাট-বাজারে কোন গাছপাকা আমের দেখা মিলছে না। উপজেলার অধিকাংশ হাট-বাজারে কেবলই কেমিক্যাল আর কার্বাইড দিয়ে পাকানো আমের ছড়াছড়ি।
জানা যায়, সুজানগর পৌর বাজারসহ উপজেলার ৩০/৩৫টি হাট-বাজারে মৌসুম শুরু হতে না হতেই ওইসব হাট-বাজারে প্রচুর পরিমাণে আম উঠতে শুরু করে। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের শুরুতেই হাট-বাজার দেশি আমে সয়লাব হয়ে যায়। তবে এসব আমের মধ্যে একটিও গাছপাকা আম নেই। সবই কেমিক্যাল, কার্বাইড বা খড়চাপা দিয়ে পাকানো। ভুক্তভোগী ক্রেতারা জানান, এখন আর এলাকার আম চাষিরা সরাসরি হাট-বাজারে আম বিক্রি করে না। তারা তাদের বাগানের কাঁচা আম এলাকার আম ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন। আর ওই সকল ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় বাগান থেকে কাঁচা আম পেড়ে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর কেমিক্যাল আর কার্বাইড দিয়ে পাকিয়ে হাট-বাজারে বিক্রি করেন।
