আসছে বাজেটে পরিবেশ দূষণকারী শিল্পকারখানার উপর বিশেষ কর আরোপ হচ্ছে। দূষণকারী শিল্পের বিদ্যমান মূল্য সংযোজন করের (ভ্যাট) উপর বাড়তি ১ শতাংশ হারে সারচার্জের আকারে (করের উপর কর) এই কর আরোপ করা হবে। মূলত পরিবেশের ক্ষতি করে এমন শিল্প স্থাপনকে নিরুত্সাহিত করতে ‘গ্রীন ট্যাক্স’ নামে এই কর আরোপ হচ্ছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ৫ জুন সংসদে বাজেট বক্তৃতায় এ প্রস্তাব রাখবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে প্রাক বাজেট আলোচনায় এ ধরনের কর আরোপের ইঙ্গিত দিয়েছেন রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন। তিনি বলেন, বিশ্বের অনেক দেশেই পরিবেশ সুরক্ষায় এ ধরনের কর রয়েছে। এই করের মাধ্যমে প্রাপ্ত অর্থ পরিবেশ সুরক্ষায় ব্যয় করার পক্ষেও মত দেন তিনি।
ট্যানারি শিল্প, বিভিন্ন ডাইং কারখানা, ইটভাটা থেকে নির্গত ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। ঢাকার অদূরে শীতলক্ষ্যা নদীর আশপাশে বিভিন্ন ডাইং কারখানার অপরিশোধিত বিষাক্ত বর্জ্য নিষ্কাশনে শীতলক্ষ্যার পানি নষ্ট এবং বিষাক্ত হয়ে পড়েছে। টঙ্গীর তুরাগ এবং সাভারের আশপাশের খালগুলোর পানি ডাইং মিলের দূষিত বর্জ্যে বিষাক্ত হয়ে পড়েছে। এসব ক্ষতিকারক বর্জ্য ও দূষিত পানি জনস্বাস্থ্য ও পরিবেশ দূষণসহ জমির উর্বরতা নষ্ট করছে। ধ্বংস হচ্ছে এ সকল নদ-নদীর মত্স্য সম্পদ। অপরদিকে মাটিতে বিভিন্ন অনুজীবের উপর রাসায়নিক সারের বিরূপ প্রতিক্রিয়ায় মাটির স্বাভাবিক উর্বরতাও নষ্ট হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত ২৫ শহরের মধ্যে রয়েছে বাংলাদেশের তিনটি শহর নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকা। সবচেয়ে দূষিত শহরের তালিকায় নারায়ণগঞ্জের অবস্থান ১৭তম, গাজীপুর ২১ ও ঢাকা রয়েছে দূষিত তালিকার ২৩তম অবস্থানে।
