বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

আপডেট : ২৯ মে ২০১৪, ২২:১৮
রাজধানীর হাজারীবাগ ও পুরানা পল্টনে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুইজন মারা গেছেন। তারা হলেন, নির্মাণ শ্রমিক আব্দুল মান্নান ও আজাদ প্রোডাকশনের কর্মী চাঁন মিয়া। ময়না তদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাজারীবাগ পার্ক সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন শ্রমিক আব্দুল মান্নান। তিনি সিমেন্টের বস্তা নিয়ে ভবনের উপর তলায় ওঠার সময় দ্বিতীয় তলায় বিদ্যুতের তারে লেগে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নীচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। ঝালকাঠির নলছিটিতে আব্দুল মান্নানের বাড়ি। এদিকে, সকাল সাড়ে ৭টার দিকে পুরানা পল্টনে নিজ কর্মস্থলে ফ্যানের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন চাঁন মিয়া। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। চাঁন মিয়ার গ্রামের বাড়ি গাইবান্ধায়।