ঢাবিতে পরিবেশ অলিম্পিয়াড

আপডেট : ২৯ মে ২০১৪, ২২:১৯
পরিবেশ বিপর্যয় রোধে কৌশল নির্ধারণ ও উন্নয়ন এবং সচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ অলিম্পিয়াড, বিতর্ক চ্যাম্পিয়নশিপ এবং উপস্থাপনা প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নয় দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের পরিবেশ ক্লাব এবং আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নাসরীন আহমাদ বলেন, পরিবেশ বিপর্যয় থেকে দেশকে রক্ষা করার লক্ষ্যে এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে পরিবেশবিদ, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। প্রতিযোগিতা আয়োজন কমিটির আহ্বায়ক ড. তৌহিদা রশিদ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুর রব, ভূ-তত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ হুমায়ুন আকতার, সমুদ্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাওসার আহমেদ, অধ্যাপক হাফিজা খাতুন, অধ্যাপক নাজনীন আফরোজ হক।