ঘাসকাটা থেকে রেহাই পেতে উঠান বানালো সী বীচ!

আপডেট : ২৯ মে ২০১৪, ২৩:২২
উঠানে জন্ম নেয়া ঘাস কাটতে কাটতে হয়রান হয়ে গেছেন। সবুজ উঠান তাই একসময় বিরক্তির কারণ হয়ে উঠল। ফলে সিদ্ধান্ত নিলেন, সবুজ উঠানকে ‘সমুদ্র সৈকতে’ পরিণত করবেন! যেমন ভাবা তেমনি কাজ। টন টন বালু ফেলে সবুজ উঠানকে বানিয়ে ফেললেন সী বীচ এর মতো। এই কান্ড ঘটিয়েছেন যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের জর্জিয়ানা রেইড নামের এক মহিলা। তার বাড়ির প্রশস্ত উঠানে জন্ম নেয়া সবুজ ঘাস প্রথম দিকে কাটতে ভালোই লাগতো। কিন্তু সেই ভালোলাগা বেশিদিন টিকলো না। সম্প্রতি তিনি সিদ্ধান্ত নেন, উঠানকে সমুদ্র সৈকতের মতো বানাবেন। পরিকল্পনা বাস্তবায়ন করতে তিনি বালু ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেন। তাদের মাধ্যমে উঠানে টেনে আনেন ৮০ মেট্রিকটন বালু! একপাশ কিছুটা উচু, অন্যপাশ ঢালু। ঢালু পাশে পানি ঢেলে একদম সমুদ্র সৈকতের স্বাদ উপভোগ করছেন তিনি ঘরে বসে! ষাটোর্ধ ওই নারী কেসিটিভি ৫ চ্যানেলকে বলেছেন, গত ৩৩ বছর ধরে তিনি বাড়িটির মালিক। কিন্তু আর যত্ন নিয়ে কুলিয়ে উঠতে পারছেন না। তাই এই কাজ করেছেন। তবে এই কাজে খুশি হতে পারেননি রেইডের প্রতিবেশিরা। তারা সিটি কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন। এডউইন বিসবি নামের এক প্রতিবেশি স্থানীয় সাংবাদিকদের বলেন, রেইডের এই উদ্ভট কর্মকান্ডে এই এলাকাটি হাস্যকর এলাকায় পরিণত হবে। এতে এলাকার জমির দামও কমে যাবে। -ইউপিআই