আজ ৩০ মে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতাও তিনি। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রতিবছর দিনটি জিয়াউর রহমানের শাহাদাত্ বার্ষিকী হিসেবে পালন করে। এবছর দিনটি উপলক্ষে বিএনপি কয়েক দিনব্যাপী কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে রয়েছে- আজ শুক্রবার ভোরে কেন্দ্রীয় ও জেলা কার্যালয়গুলোতে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা। সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের নেতারা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর অঙ্গসংগঠনের নেতারা জিয়ার সমাধিতে ফুল দেবেন। দিনটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বাণী দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনাবাহিনীর সদস্যদের হাতে নিহত হওয়ার কিছুদিন পর জিয়াউর রহমান সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন। ১৯৭৭ সালের ২১ এপ্রিল তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন। বিএনপি ছাড়াও ১৯-দলীয় জোটের শরিক কয়েকটি দল ও সমমনা সংগঠন দিনটি উপলক্ষে কর্মসূচি পালন করবে। রাজধানীতে বিভিন্ন স্থানে দুঃস্থ ব্যক্তিদের মধ্যে খালেদা জিয়ার খাবার বিতরণ করার কথা রয়েছে।
