তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অপরাজনীতি না করতে দলটির নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘দেশে খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিত্সা সেবা দেওয়ার চেষ্টা করছে সরকার। কিন্তু বিএনপি নেতারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যে অপরাজনীতি করছেন এটা তিনি জানলে দলীয় নেতাদের ওপর রুষ্ঠ হবেন। বিএনপি চেয়ারপারসনের পুরনো যে শারীরিক সমস্যাগুলো ছিল সেগুলোই মাঝেমধ্যে বাড়ে বা কমে, নতুন কোনো সমস্যা তার নেই।’
গতকাল রবিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে সংবাদপত্র পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, ‘ওনারা একজন সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে ফেলছেন। খালেদা জিয়া যে পায়ে ব্যথা, তা নিয়েই তিনি দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পায়ের এ সমস্যা নিয়ে তিনি বিরোধী দলীয় নেত্রীর দায়িত্বও পালন করেছেন।
সরকারকে বাইরে রেখে জাতীয় ঐক্য গড়তে ড. কামাল হোসেনের আহ্বান সম্পর্কে হাছান মাহমুদ বলেন, ঐক্যফ্রন্টের ঐক্য নেই। দলটি থেকে লোকজন বেরিয়ে যাচ্ছে। যারা নিজেদের ঐক্য ধরে রাখতে পারে না, তারা জাতীয় ঐক্য গড়বে কিভাবে। সভায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজাহারুল হক, সংবাদপত্র পরিষদের সভাপতি শাহ জালাল, সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
