বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

আপডেট : ২৯ মে ২০১৪, ২৩:২৮
নিরাপত্তার অভাব ও বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামের কাছে তারা তাদের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারীরা হলেন সহকারী প্রক্টর মো. শফিউল আলম (গণিত), তানভির কায়সার (ইংরেজি), মোঃ আব্দুল কাইউম (মার্কেটিং), জিল আফরোজ (সমাজ বিজ্ঞান) ও ফাতেমা কানিজ (মৃত্তিকা বিজ্ঞান)। পদত্যাগের কথা নিশ্চিত করে সহকারী প্রক্টর মোঃ আব্দুল কাইউম জানান, দেশের সবকটি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থাকে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত প্রক্টরদের কোন নিরাপত্তা দেয়া হয় না। শিক্ষার্থীরা কোনপ্রকার অপ্রীতিকর ঘটনার সাথে জড়িয়ে পড়লে এই সহকারী প্রক্টরদের তা সামলাতে হয়। এ বিষয়ে ইতিপূর্বে একাধিকবার ভিসিকে অবহিত করা হলেও তিনি ব্যবস্থা নেননি। এরই প্রেক্ষিতে গতকাল একযোগে ওই সহকারী প্রক্টরবৃন্দ পদত্যাগ করেন।