৪ দফা দাবিতে রাজশাহীতে নছিমন-করিমন ঐক্য পরিষদের আল্টিমেটাম

আপডেট : ২৯ মে ২০১৪, ২৩:২৯
পরিবহন মালিক-শ্রমিকদের পর এবার মাঠে নেমেছে রুট পারমিটবিহীন ভটভটি, নছিমন, করিমন, আলমসাধু ঐক্য পরিষদ মালিক-চালকরা। প্রায় ১০ হাজার ভটভটি, নছিমন, করিমন মালিক-চালক ৭ দিনের মধ্যে ৪ দফা বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার প্রশাসনকে আল্টিমেটাম দেয়। দাবি বাস্তবায়িত না হলে আগামী বৃহস্পতিবার থেকে তারা কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে। পরে তারা রাজশাহীর জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ মন্ত্রীকে একটি স্মারকলিপি দেয়। এদিকে ভটভটি মালিক-চালকদের আন্দোলনে একাত্মতা-ঘোষণা করে রাজশাহীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ মালিক-শ্রমিকরা। ভটভটি মালিক-চালকরা গতকাল সকাল সাড়ে ১১টায় নগরীর মোল্লাপাড়া লিলি সিনেমা হলের সামনের সড়ক অবরোধ ও সমাবেশ করে। সমাবেশে চলমান আন্দোলন আরো বেগবান করতে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, অবৈধ ভটভটি, নছিমন-করিমন, পাওয়ার টিলার ও ট্রাক্টর চলাচল বন্ধসহ ৬ দফা দাবিতে রাজশাহী বিভাগীয় বাস-ট্রাক মালিক-শ্রমিকরা ২৫ থেকে ২৭ মে পর্যন্ত টানা পরিবহন ধর্মঘট পালন করে।