‘জামায়াত এখনই নিষিদ্ধ সম্ভব নয়’-আইনমন্ত্রী এমন বক্তব্যের প্রতিবাদে আগামী সোমবার আইন মন্ত্রণালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করবে গণজাগরণ মঞ্চ। ইমরান এইচ সরকারের নেতৃত্বে ঐ দিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করবে। শুক্রবার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন ডা. ইমরান এইচ সরকার।
গত বৃহস্পতিবার আইনমন্ত্রী সংবাদ মাধ্যমে বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে মুক্তিযুদ্ধকালে অপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মামলা ও বিচার করা এখনই বা আপাতত সম্ভব নয়।
ইমরান বলেন, আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্য সম্পূর্ণ অযৌক্তিক। জামায়াতের সাথে আতাতের বশে তিনি এসব কথা বলছেন। তিনি যে তিনটি কারণ ব্যাখ্যা করেছেন তা অমূলক। তিনি আগামী সোমবারের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আইন মন্ত্রনালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে। সমাবেশে উপস্থিত ছিলেন লাকি আক্তার,আরিফ জেবতিক, শামীম, সনাতন উল্লাহ, শিবলী হাসান, ফিদা হুসেইন, শাম্মী আক্তার প্রমুখ।
