দিনাজপুরে স্কুলছাত্র অপহূত, মামলা

আপডেট : ৩১ মে ২০১৪, ২২:৩৩
দিনাজপুর শহরে ৫ম শ্রেণির ছাত্র অপহরণের ২ দিন পর তার মা কোতয়ালী থানায় একজনের নাম উল্লেখ করে অপহরণ মামলা করেছেন। দিনাজপুর সদর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আলতাফ হোসেন জানান, শনিবার সকালে শহরের কালিতলা মহল্লা তজমুল আলমের স্ত্রী আঞ্জুয়ারা বেগম তার ৫ম শ্রেণি পড়ুয়া পুত্র আবির হোসেন (১২) অপহরণ ঘটনায় একটি মামলা করেন। ঐ মামলায় অভিযোগ করা হয়, গত ২৯ মে সকালে আবির হোসেন শহরের ঘাসিপাড়াস্থ প্রাথমিক বিদ্যালয়ে পড়তে যায়। ঐদিন দুপুরে আবির স্কুল থেকে বাড়ি ফেরার পথে শহরের মুদিপাড়া মহল্লার তৈইবুুর রহমানের পুত্র আরিফুর রহমান (২৮) তার ২ সহযোগীকে নিয়ে শিশুটিকে শহরের ঘাসিপাড়া আদর্শ কলেজের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। পুলিশ শিশুটিকে উদ্ধারের তত্পরতা চালিয়ে যাচ্ছে। ‘অল্প সময়ে অধিক টাকার মালিক হতে অপহরণ’ এদিকে দিনাজপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্র সাইয়েদুল মুরসালিন অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি কলেজ ছাত্র রশিদুল ইসলাম ১৬৪ ধারার জবানবন্দিতে হত্যার ঘটনা স্বীকার করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল আলম জানান, শনিবার সকালে দিনাজপুর সদরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম চৌধুরীর খাস কামরায় রশিদুল ইসলাম জবানবন্দিতে বলেন, কেবিএম কলেজের এক ছাত্রীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু সে দরিদ্র রিকশা চালকের পরিবারের সন্তান হওয়ায় প্রেমে ব্যর্থ হবে আশংকায় হঠাত্ ধনী হওয়ার স্বপ্নে বিভোর হয়। কি করে অল্প সময়ে অনেক টাকার মালিক হওয়া যায় এই চিন্তা থেকেই সে স্থির করে পাড়ার ধনী লোক মকসেদুল ইসলামের স্কুল পড়ুয়া সন্তান সাইয়েদুল মুরসালিনকে অপহরণ করে মুক্তিপন দাবি করবে। সেই পরিকল্পনা অনুযায়ী ২২ মে রশিদুল মুরসালিনকে অপহরণ করে এবং ৫০ লাখ টাকার মুক্তিপন দাবি করে।