থাইল্যান্ডে অভ্যুত্থানে নেতৃত্বদানকারী নেতাদের ভর্ত্সনা করে যুক্তরাষ্ট্র দেশটিতে অবিলম্বে নির্বাচন দেয়ার দাবি করেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল গতকাল শনিবার নির্বাচনের দাবি ছাড়াও জান্তার হাতে বন্দি হওয়া রাজনীতিক ও সাধারণ মানুষদের মুক্তি দাবি করেছেন। এর মধ্য দিয়ে অভ্যুত্থানের নেতারা নতুন করে আন্তর্জাতিক ক্ষেত্রে নিন্দার সম্মুখীন হলেন। থাইল্যান্ডের অভ্যুত্থানকারী নেতারা আগামী ১৫ মাসের মধ্যে দেশে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দেয়ার প্রেক্ষাপটে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এ দাবি জানালেন। খবর এএফপির।
সিঙ্গাপুরে একটি এশিয়ান সিকিউরিটি কনফারেন্সে বক্তৃতাকালে পেন্টাগন প্রধান গত ২২ মে বেসামরিক সরকারের কাছ থেকে ক্ষমতা দখলের পর সামরিক আইনে আটক বহুসংখ্যক লোককে মুক্তি দিতে থাই সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানান। থাই জান্তাকে মত প্রকাশের স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণ তুলে নেয়ার আহ্বান জানান হেগেল । গণতন্ত্র থেকে সরে যাওয়ার জন্য নিন্দা জানিয়ে হেগেল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থাইল্যান্ডের সঙ্গে দীর্ঘ দিনের সামরিক সম্পর্ক স্থগিত করেছে। এদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী শনিবার বলেছেন, ক্যানবেরা থাই সামরিক বাহিনীর সঙ্গে তাদের ‘সম্পৃক্ততা হ্রাস করেছে। থাই জান্তা প্রধান প্রায়ুথ চ্যান-ও চা শুক্রবার রাতে বলেছেন, দেশে চরম রাজনৈতিক বিভক্তি মিটে গেলে এবং এক বছর মেয়াদী সংস্কার কার্যক্রম সম্পন্ন হওয়ার পরই দেশ গণতন্ত্রে ফিরে যাবে।
