শিক্ষার্থীদের ওপর হামলাকারী শ্রমিকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পদত্যাগকৃত চার সহকারী প্রক্টরকে স্বপদে পুনঃবহালসহ ৬ দফা দাবিতে গতকাল শনিবার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে অবিলম্বে তাদের দাবি মানা না হলে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একই দাবি আদায়ে উপাচার্যকে স্মারকলিপিও প্রদান করা হয়েছে। আন্দোলনের মুখে উপাচার্য বেশ কয়েকটি দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। বাকি দাবিগুলো আদায়ের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষকদের পদত্যাগ ও শিক্ষার্থীদের আন্দোলনে বিপাকে পড়েছেন উপাচার্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, তাদের ৬ দফা দাবিগুলো হচ্ছে-হামলাকারী বাস শ্রমিক নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি, তিন মাসের মধ্যে ছাত্রাবাস ও ক্যাম্পাসে সীমানা প্রাচীর নির্মাণ, সেমিস্টার প্যাকেজ ফি সর্বোচ্চ ৩ হাজার টাকা করা, তিন মাসের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন ও ছাত্রদের হাতে ক্ষমতা হস্তান্তর, পদত্যাগকৃত সহকারী প্রক্টরদের পুনর্বহাল এবং তাদের পর্যাপ্ত ক্ষমতা হস্তান্তর, বিশ্ববিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার ও যাত্রী ছাউনির ব্যবস্থা করা। এসব দাবি আদায়ে গতকাল থেকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম বেধে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
