পদ্মা সেতু ২০১৮ সালের মধ্যে নির্মিত হবে :যোগাযোগমন্ত্রী

আপডেট : ০১ জুন ২০১৪, ২৩:১০
যোগাযোগমন্ত্রী ওবায়দুর কাদের বলেছেন , জননেত্রী শেখ হাসিনা ওয়াদা রক্ষা করেন। ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন ও জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। আওয়ামী লীগের মধ্যে হাইব্রিড ও ফরমালিন নেতাকর্মী ঢুকে গেছে। এখন শুদ্ধি অভিযান চালিয়ে আওয়ামী লীগকে হাইব্রিড মুক্ত করা হবে। কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি। অপর দিকে খালেদা জিয়ার ১৯ দলীয় জোট সকল উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াত জোট শত শত গাছ কেটে নৈরাজ্য সৃষ্টি করেছে। আমাদের প্রশ্ন গাছের প্রতি অত্যাচার কেন। গাছ কি আওয়ামী লীগ করে? তিনি রবিবার ভোলার লালমোহন উপজেলা সদরের চৌরাস্তায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিরাট জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। মন্ত্রী এর আগে চার কোটি টাকা ব্যয়ে নাঙ্গলখালী ব্রিজ উদ্বোধন করেন। ভেঙ্গে যাওয়ার ২৬ বছর পর ব্রিজটি নির্মিত হলো। এ উপলক্ষে লালমোহনে উত্সবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ওবায়দুল কাদের বলেন, হত্যা গুম খুন অতীতের সরকারের সময়ও হয়েছে। এ সরকারের আমলে ফেনী ও নারায়ণগঞ্জে যে নারকীয় ঘটনা ঘটেছে সে ব্যাপারে সরকার ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে। এর সাথে যারা জড়িত তারা পার পাবে না। কারণ এ সরকার আইনের শাসনে বিশ্বাস করে।