ফ্যাশনে বিশ্বকাপ

আপডেট : ০২ জুন ২০১৪, ১৮:০৯
কয়েকদিন পরেই শুরু হবে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ২০১৪। ওই সময়টায় পুরো বিশ্বের সাথে বাংলাদেশ ভাসবে ফুটবল জোয়ারে। ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড বা জার্মানির মতো প্রিয় দলের পতাকায় রঙিন হবে সব এলাকা। দেখে বোঝারই উপায় থাকবে না বাংলাদেশ নেই এই ফুটবল বিশ্বকাপে। ফুটবলের এই আসরকে কেন্দ্র করে সর্বত্রই শুরু হয়েছে উত্সবের আমেজ। তাই তো তরুণ-তরুণীরা ছুটছেন প্রিয় দলের জার্সি সংগ্রহে। কেননা জার্সি পরে খেলা দেখার আনন্দই আলাদা। এটাকে এ সময়ের ফ্যাশন ট্রেন্ড বলা যায়। বিশ্বকাপের ফ্যাশন নিয়ে আমাদের এবারের মূল ফিচার। লিখেছেন খালেদ আহমেদ সবার আগ্রহ এখন বিশ্বকাপ ফুটবল নিয়ে। পিছিয়ে নেই বাংলাদেশ। নিজ নিজ দলকে এগিয়ে নিতে উত্সাহ-উদ্দীপনার যেন শেষ নেই। ঘরে-বাইরে চলছে কোন দল সেরা এই নিয়ে তর্কযুদ্ধ। তরুণদের আগ্রহটা যেন একটু বেশিই। কি ক্যাম্পাস, বন্ধুদের আড্ডা বা চায়ের দোকান সবখানেই চলছে বিশ্বকাপ ফুটবল নিয়ে আলোচনা-সমালোচনা। এক্ষেত্র পিছিয়ে নেই ফ্যাশন জগতও। ফেবারিট দলগুলোর জার্সি, টি-শার্ট, গেঞ্জিতে ছেয়ে গেছে ফুটপাথ থেকে শুরু করে নামীদামি ফ্যাশন আউটলেটগুলো। যে যার সামর্থ্য মতো সংগ্রহ করছে প্রিয় দলের জার্সি। আর যেকোনো উত্সব এলেই সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটে আমাদের পোশাকে। তাই প্রিয় ফুটবল দলের জার্সি গায়ে খেলা দেখাটাও এই প্রজন্মের কাছে নতুন ক্রেজ। পোশাকের সংস্কৃতিতে এই পরিবর্তনের ছোঁয়া আমাদের ফ্যাশন ভাবনাকে করেছে প্রাণবন্ত। উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র মুহিন সকালে ঘুম থেকে উঠেই বাবার কাছে বায়না ধরেছে তাকে ব্রাজিলের জার্সি কিনে দিতে হবে। কেননা তার ক্লাসের অন্য বন্ধুরাও তাদের প্রিয় দলের জার্সি কিনেছে। আর জার্সি কিনে না দিলে সে বন্ধুদের সামনে মুখ দেখাতে পারবে না। বাবা ছেলেকে বারবার বোঝাচ্ছে যে তোমাকে এই পোশাকে মানাবে না। কিন্তু কে শোনে কার কথা, তার জার্সি লাগবেই। কেননা কয়েকদিন পরেই শুরু হবে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপের জন্য রাজধানীর ফ্যাশন আউটলেটগুলোও বেশ সরগরম। বিভিন্ন নামী ব্র্যান্ড ফেবারিট দলগুলোর জার্সির অরজিনালিটি ধরে রাখতে বেশ ভালো মানের জার্সি উঠিয়েছে। অভিজাত শ্রেণীর লোকেরাই এর ক্রেতা। সে কারণে জার্সিগুলোও বেশ ভালো দামে বিক্রি হচ্ছে। এই জার্সি বা টি-শার্টগুলো ফ্যাশনে এনেছে নতুন মাত্রা। ফুটবল বিশ্বকাপ আবহ বাড়িয়ে তুলেছে বহুগুণে। সব কিছুই যেন এখন নিয়ন্ত্রণ করছে বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রিয় দলগুলোর জার্সির রং। ফুটবল উন্মাদনায় রঙিন হয়ে উঠছে পুরো ফ্যাশন জগত্। আর হাতের নাগালেই এ ধরনের ড্রেস পাওয়া যাচ্ছে বলে ফ্যাশনের এ ধারা যেন আরও গতিশীল হয়ে উঠেছে। সত্যি অভূতপূর্ব এক দৃশ্য। সব জায়গাতে ফুটবল বিশ্বকাপের ড্রেসের ছড়াছড়ি। সুখের খবর হলো—বাংলাদেশও থাকছে এবারের ফিফা বিশ্বকাপে। মাঠের লড়াইয়ে লাল-সবুজদের থাকার কথা যদিও কল্পনাতীত। তবে বাংলাদেশের নামটি এবার থাকছে ফুটবলের আসরে। কারণ, ব্রাজিলের বিশ্বকাপ জার্সি তৈরি করে সরবরাহ করছে বাংলাদেশের পোশাক কারখানা। আর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হলুদ জার্সির নিচে লেখা থাকবে ‘মেড ইন বাংলাদেশ’। বাংলাদেশে ফুটবল জনপ্রিয় না হলেও বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা ও ব্রাজিলসহ প্রিয় দলের পতাকায় ছেয়ে যায় পুরো দেশ। সমর্থকরা তার প্রিয় দেশের জার্সিতেই আনন্দ উল্লাস করবে। অন্যদিকে বাংলাদেশের ব্রাজিলিয়ান সমর্থকদের গর্বিত করার মতো ঘটনা ঘটতে যাচ্ছে এবার। লুইজ ফেলিপ্পে স্কলারির দল এবার জানবে বাংলাদেশের নাম। ব্রাজিল বিশ্বকাপে স্বাগতিক দলটির জার্সি তৈরির দায়িত্ব পেয়েছিল বাংলাদেশ। এদিকে দেশের রানা প্লাজা ও তাজরিন গার্মেন্টসের ট্র্যাজেডিতে সহস্রাধিক পোশাক শ্রমিকের মৃত্যুর খবরটি ব্রাজিল ফুটবল ফেডারেশনকে (সিবিএফ) জানানো হয়। আর তাদের প্রতি সম্মান জানিয়ে জার্সির নিচে ‘মেড ইন বাংলাদেশ’ লেখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল সংস্থা। মাঠজুড়ে দর্শক-সমর্থকদেরও অনেকেরই গায়ে থাকবে বাংলাদেশে তৈরি জার্সি ও টি-শার্ট। শুধু মাঠ নয়, এই আসরে সময়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা মেতে উঠবেন নানা ফ্যাশনে, যার বড় অনুষঙ্গ পোশাক। তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা জানিয়েছেন, বিভিন্ন দেশের খেলোয়াড় এবং দর্শক-সমর্থকদের জন্য অন্তত ১৫ আইটেমের ১ কোটি পিসের বেশি পোশাক সরবরাহ করছে বাংলাদেশ। এসব পোশাকের বেশিরভাগই নিট বা গেঞ্জি জাতীয়। যেখানে পাবেন টি শার্ট—আজিজ সুপার মার্কেট, বিভিন্ন বুটিক হাউস। জার্সি, ব্যাগ, হাতব্যান্ড, স্যান্ডেল—স্পোর্টস কর্নার, বসুন্ধরা সিটি শপিং মল, স্পোর্টস জোন, নিউমার্কেট, বঙ্গবাজার, ফার্মভিউ সুপার মার্কেট। দরদাম বুটিক হাউসে তৈরি টি-শার্টের দাম ১৫০-১৮০ টাকা। ব্র্যান্ডের জার্সি ৫০০-৭৫০ টাকা, সাধারণ সুতি কাপড়ের জার্সি ৬০-১২০ টাকা। ব্র্যান্ডের ব্যাগ ২৫০ টাকা, সাধারণ ১৫০-২০০ টাকা। হান্ডব্যান্ডের দাম ৮০-১০০ টাকা। স্যান্ডেল ১৩০-২৫০ টাকা। অনলাইনে কিনতে একসঙ্গে বেশি জার্সি ক্রয় করলে রয়েছে বিশেষ ছাড়। আর এর মূল্য ধরা হয়েছে কাপড়ের রকমভেদে অরজিনাল জার্সি ২৩০০ টাকা, ভেরি এক্সক্লুসিভ জার্সি ১২৫০ টাকা এবং স্পেশাল জার্সি ৭৫০ টাকা। আর দেরি কেন নিজেকে সাজিয়ে নিন মেসি, নেইমার বা রোনাল্ডোর জার্সিতে; আর উপভোগ করুন আসন্ন বিশ্বকাপ ফুটবল। আরও বিস্তারিত জানতে একবার ঘুরেই আসুন : www.rokomari.com