বাজিকর প্রতিষ্ঠানের তথ্য কিংবা সামপ্রতিক সাফল্যের বিচারে হয়তো শিরোপা জেতার বড় দাবীদার তারা নয়, তবে দেশটির দুই কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা এবং অসি আর্দিলেসের বিশ্বাস আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা খরা ঘোচানোর সব যোগ্যতাই আছে বর্তমান দলটির। আর বহুল আকাঙ্ক্ষিত সেই শিরোপা যাত্রায় লিওনেল মেসিই পালন করবেন মূল ভূমিকা।
বার্সেলোনার জার্সি গায়ে বরাবরই দারুণ উজ্জ্বল মেসিকে জাতীয় দলের জার্সি গায়ে সেই তুলনায় বলা চলে বিবর্ণই। কাতালানদের হয়ে ক্লাব কিংবা ব্যক্তিগত পর্যায়ে জেতা সম্ভব, এমন সবকিছুই জিতেছেন এই তারকা। আর্জেন্টিনা ফুটবলের জীবন্ত কিংবদন্তি আর্দিলেসের বিশ্বাস, এবার সময় এসেছে জাতীয় দলের জার্সি গায়েও সেই কীর্তির পুনরাবৃত্তি করার। চোটের কারণে ২০১৩-১৪ মৌসুমে নিজের সেরা ফর্ম থেকে অনেকটা দূরে থাকা টানা চার বারের এই ফিফা বর্ষসেরা তারকা বিশ্বকাপেই নিজের সেরা রূপে দেখা দেবেন জানিয়ে আর্জেন্টিনার ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য আর্দিলেস বলেন, ‘এটা সেই ক্ষণ যখন তার কাছ থেকে আমরা যেটা চাইছি তার সবটুকুই পূরণ করবে সে। আমি নিশ্চিত সে পারবে। আমি জানি ব্যক্তিগত এবং দলীয় দুই দিক থেকেই বিশ্বকাপটাকে স্মরণীয় করে রাখতে মরিয়া সে। স্মরণীয় একটা পারফরম্যান্সই অপেক্ষা করছে তার জন্য।’
অতিমানবীয় সব পারফরম্যান্সে সমসাময়িক অন্য সব খেলোয়াড়ের চাইতে নিজেকে এক ধাপ উপড়ে নিয়ে যাওয়া মেসির পায়েই সুদীর্ঘ ২৮ বছরের শিরোপা খরারও অবসান দেখছেন দেশের জার্সি গায়ে ৫২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা আর্দিলেস। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের গত আসরে জার্মানির কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়া দলটি এবার পরিচিত লাতিন পরিবেশে অনেক দূর যাবে বলেই বিশ্বাস তার। আর আফ্রিকার দু:খ নিজেদের মহাদেশে ভোলার সেই মিশনে দলের ঝান্ডাটা থাকবে মেসির হাতেই, ‘দক্ষতার দিক থেকে সে অতিমানবীয়। কৌশলগত দিক থেকে তার অবস্থান সময়ের আগে। সেই পারে অসম্ভব সব কাজকে হাস্যকরভাবে সহজে পরিণত করতে। বাছাইপর্বে তার পারফরম্যান্স ছিল দারুণ এবং অধিনায়কের আর্মব্যান্ডটাও দক্ষতাও সাথেই সামলাচ্ছে সে। আমাদের মূল খেলোয়াড় ছিল সে এবং মাঠের পারফরম্যান্সেও অন্য সবার চাইতে এগিয়ে ছিল সে। গত মৌসুমের মাঝামাঝি পর্যন্ত চোট তাকে স্বাভাবিক খেলাটা খেলতে দেয়নি। তবে আমি দেখতে পাচ্ছি সময় গড়ানোর সাথে সাথেই নিজেকে ফিরে পাচ্ছে সে।’ বহুল আলোচিত ম্যারাডোনা-মেসি শ্রেষ্ঠত্ব নিয়েও ফিফা ডট কমকে দেয়া এই সাক্ষাত্কারে কথা বলতে হয়েছে আর্দিলেসকে। কে সেরা সেই বিতর্কে না জড়ালেও মেসিকে সর্বকালের সেরা হিসাবেই ঘোষণা করেছেন তিনি, ‘ মেসিকে কখনোই অন্য কোন খেলোয়াড়ের সাথে তুলনা করাটা উচিত নয়। কারো সাথেই নয়। প্রত্যেকেরই খেলায় নিজস্ব চিন্তা চেতনা কিংবা স্টাইলের বহি:প্রকাশ থাকে। সেটাই স্বাভাবিক। তবে আমি বলবো মেসির সাথে কারোরই তুলনা চলে না। আমার বিশ্বাস ইতিহাসের সেরা পাঁচ খেলোয়াড়ের যদি তালিকা করা হয়, মেসি অনায়াসে সেখানে স্থান করে নেবে। এই নিয়ে সন্দেহ করার অবকাশ নেই। বিশ্বকাপ জিতে তার সেটাকে প্রমাণ করতে হবে না।’
এদিকে আর্দিলেসের আলোচনার বিষয়বস্তু যেখানে ছিলেন মেসি, সেখানে আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনা কথা বলেছেন কোচ আলেসান্দ্রো সাবেলাকে নিয়ে। কোচ হিসাবে দক্ষিণ আফ্রিকায় দলকে কোয়ার্টার ফাইনালের উপরে তুলতে না পারলেও উত্তরসুরীর প্রতি শুভেচ্ছাই ঝরলো তার কণ্ঠে। মেসির নেতৃত্ব আর সাবেলার নির্দেশনা আর্জেন্টিনাকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দেবে বলে আত্মবিশ্বাসী এই কিংবদন্তি। বিশ্বকাপের সময়ে জিনহুয়া নিউজের ধারাভাষ্যকার হিসাবে চুক্তিবদ্ধ হওয়া সর্বকালের অন্যতম সেরা হিসাবে স্বীকৃত এই তারকা বলেন, ‘স্বপ্ন সত্যি হবার বেশ সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি। আমাদের সাবেলার কোচিংয়ের উপর আস্থা রাখতে হবে।’ বিশ্বকাপের আগে আগামী দুই সপ্তাহে ত্রিনিদাদ-টোবাগো ও স্লোভেনিয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলবেন মেসিরা। ওয়েবসাইট
