জামায়াতের বিচার নিয়ে সন্দেহের অবকাশ নেই :সুরঞ্জিত

আপডেট : ০২ জুন ২০১৪, ২১:৪৫
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে জামায়াতের বিচার হবেই। এ নিয়ে সন্দেহ-সংশয়ের অবকাশ নেই। গতকাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের বিচার নিয়ে বর্তমান ও সাবেক আইনমন্ত্রীর ভিন্ন ব্যাখ্যার কথা তুলে ধরে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আইনবিদদের একটি সমস্যা আছে। যেকোনো বিষয়ে আইনের বৈচিত্র্যময় ব্যাখ্যা আছে। তবে আইনের ঐসব ব্যাখ্যা মিডিয়াতে না এলেই ভালো হতো। এ জাতীয় বৈচিত্র্যময় ব্যাখ্যার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আদালত থেকে। তবে এ বিচারের স্বার্থে কোনো সংশোধনী দরকার হলে আইন মন্ত্রণালয় তা করতে পারে। আয়োজক সংগঠনের মহাসচিব হুমায়ূন কবিরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী।