ধুনটের বেইলি ব্রিজে ২৭২টি জোড়াতালি

আপডেট : ০২ জুন ২০১৪, ২২:০৯
বগুড়ার ধুনটে জয়শিং-বাগবাড়ী সড়কের নাংলু খালের উপর ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে ২৭২টি জোড়াতালি রয়েছে। এর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে জনসাধারণসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। সড়ক ও জনপথ বিভাগ ৪৫ বছর আগে ব্রীজটি নির্মাণ করেছিল। ২০ বছর আগে থেকেই বেইলী ব্রীজের ট্রামজাম ও স্টিল টেকিং নষ্ট হতে থাকে। ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। সড়ক ও জনপদ বিভাগ জোড়াতালি দিয়ে কোনরকমে হালকা যানবাহন চলাচলের ব্যবস্থা করে। কিন্তু ভারি যানবাহন চলাচলের কারণে কিছুদিন পর ব্রীজটির জোড়াতালি খুলে আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এভাবে মাঝে-মধ্যেই ব্রীজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় জনগণের যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হয়। গত ২০ বছর ধরে এভাবেই ব্রীজটিতে ২৭২টি তালি দেয়া হয়েছে। বর্তমানে ব্রীজের পাটাতন মাঝে-মাঝে ভাঙ্গা রয়েছে। সড়ক ও জনপথ বিভাগ ওই ব্রীজের উপর দিয়ে তিন টনের অধিক যাহবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছে। কিন্তু ওই নিষেধাজ্ঞা অমান্য করে ক্ষতিগ্রস্ত ব্রীজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভারি যানবাহন চলাচল করছে।