৪০ বছর পর স্পেনের সিংহাসন ছাড়ছেন রাজা কার্লোস

আপডেট : ০২ জুন ২০১৪, ২৩:১৬
স্পেনের রাজা হুয়ান কার্লোস সিংহাসন ত্যাগ করার ঘোষণা দিয়েছেন। তিনি এক টেলিভিশন ভাষণে এই ঘোষণা দেন। ৭৬ বছর বয়সী কার্লোসের স্থলাভিষিক্ত হবেন তার ৪৫ বছর বয়সী ছেলে প্রিন্স ফিলিপ। খবর বিবিসির। ৪০ বছর ধরে সিংহাসনের দায়িত্ব পালন করা রাজা টেলিভিশনে বলেন, নতুন প্রজন্মকে সামনে আসতে হবে এবং নতুন উদ্যমে তাদের কাজ করতে হবে। রাজসিংহাসনে কার্লোাস অত্যন্ত জনপ্রিয় একজন রাজা হিসেবে সুনাম অর্জন করেছেন। কারণ তিনি দেশটির গণতন্ত্রকে সমৃদ্ধ করতে প্রচেষ্টা চালিয়েছেন। তবে সমপ্রতি তার মেয়ে এবং তার জামাতার দুর্নীতি ও নানা কেলেঙ্কারিতে এই জনপ্রিয়তায় ভাটা পড়ে। এছাড়া সমপ্রতি তার স্বাস্থ্যেরও অবনতি হয়। রাজার টেলিভিশনে ভাষনের আগে প্রধানমন্ত্রী মারিয়ানো প্রথমে রাজার পদত্যাগের ঘোষণার আগ্রহের কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তনের এটাই উপযুক্ত সময়। স্পেনে রাজার পদত্যাগের পর কারো ক্ষমতা গ্রহনের বিষয়ে কোনো আইন নেই। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ষষ্ঠ ফিলিপের সিংহাসনে আরোহনের বিষয়ে আলোচনা করতে মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।