যশোরে বিএডিসির ১৮ টন চোরাই ধানবীজ জব্দ

আপডেট : ০২ জুন ২০১৪, ২৩:১৭
জেলায় ভুয়া চালানের মাধ্যমে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বীজ উইং-এর এক হাজার ৮শ প্যাকেটে ১৮ টন (প্রতি প্যাকেট ১০ কেজি) ধানবীজ জব্দ করেছে পুলিশ। গত রবিবার গভীর রাতে শহরের মনিহার এলাকা থেকে পুলিশ চালকসহ একটি ট্রাক আটক করে। স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মকর্তাদের যোগসাজশে বিপুল পরিমাণ বীজ পাচার হচ্ছে। শুধু ধানবীজ নয় হিমাগারের আলুবীজ সরবরাহ ও বিতরণেও দীর্ঘদিন ধরে আত্মসাতের অভিযোগ রয়েছে। তবে একটি মহল ধানবীজ চোরাইয়ের ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। যশোর সদর ফাঁড়ির টিএসআই জানান, গত রবিবার রাতে শহরের মনিহার এলাকা থেকে বিপুল পরিমাণ ধানবীজ বোঝাই আটক করা হয়েছে। সিজারলিস্ট চলছে। পরে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে কর্মকর্তাদের যোগসাজশে বিপুল পরিমাণ ধানবীজ পাচার করা হচ্ছিল। সূত্র জানায়, বিএডিসির আঞ্চলিক বীজ গুদামের দায়িত্বে আছেন উপ-পরিচালক শাহজাহান কবির ও উপ-সহকারী পরিচালক ইয়াসিন আল মাহমুদ। তাদের দু’জনের যোগসাজশে বিপুল পরিমাণ ধানবীজ সিলেটে পাচার হচ্ছিল। চালান মেমোতে দেখানো হয়েছে বীজ মাগুরায় নেয়া হচ্ছে। ২৮ হাজার টাকা ভাড়ায় ওই ট্রাক ঠিক করা হয়। স্থানীয় পুলিশের সিনিয়র এএসপি জানান, ‘এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।