রাজধানীর ধানমন্ডির সীমান্ত স্কয়ারের সাততলায় বা ভবনের ছাদে অবস্থিত ফুডকোর্ট ঘিরে অভিযান চালাচ্ছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকাল ৩টার কিছু পর থেকে ভেজাল বিরোধী অভিযান শুরু করে র্যাব। এই অভিযানের নেতৃত্বে রয়েছেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
জানা যায়, সোমবার দুপুরে সীমান্ত স্কয়ারের লেভেল-৬ বা ছাদের ফুডকোর্টের চারপাশে অবস্থান নেয় র্যাব সদস্যরা। এ সময় সেখানে অনেকেই খাবার খাচ্ছিলেন। খাওয়া শেষে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। এরপরই মূলত র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান শুরু করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রমজান উপলক্ষ্যে ভেজাল বিরোধী এ অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, 'এখানে ভেজাল, পচা, বাসি খাবার আছে কি না সেগুলো দেখতে অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।'
আরও পড়ুন: শিগগিরই অপ্রাতিষ্ঠানিক শিল্পনীতি প্রণয়ন করবে শিল্প মন্ত্রণালয়
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, অভিযানে বেশ কয়েকটি দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৬ মণ মাংস জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি
