আইনের শাসন নিশ্চিত হোক

আপডেট : ০৩ জুন ২০১৪, ২১:৫২
প্রতিনিয়ত যে কথাটি সামনের দিকে চলে আসছে সেটা হলো, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি। আমরা যে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই—এ দাবি কার কাছে করবো—রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী না পুলিশ বাহিনীর কাছে? এ দেশের মানুষ কতটা নিরাপদ আছে? এর জবাব কে দেবেন? এসব নিয়ে টক শো, আলোচনা সভা, প্রতিবাদ, মানববন্ধন হচ্ছে। কিন্তু এটা বলতে পারছি না, এটা শেষ আলোচনা সভা, এটা শেষ প্রতিবাদ সভা, এটা শেষ মানববন্ধন। সচেতনমহল থেকে দাবি উঠেছে—এসব অপকর্ম, নৃশংস কর্মকাণ্ড বন্ধে সরকার অতি দ্রুত কার্যকর ব্যবস্থা নিক। কিন্তু এটা কীভাবে সম্ভব? এর সহজ পথ নীতিনির্ধারকদেরই বের করতে হবে। পৃথিবীতে কেউ সন্ত্রাসী হয়ে আসে না, সমাজব্যবস্থা তাকে সন্ত্রাসী হতে বাধ্য করে। অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হয়, সে যত ক্ষমতাবান মানুষই হোক না কেন। আমাদের দেশে এমনটি হয় না বলে আজ এমন হাল। আমরা দেখেছি কোনো অপরাধের তদন্ত হতে হতে বছরের পর বছর পেরিয়ে যায়। এর ভেতর দিয়ে আইনের ফাঁক খুঁজে বেরিয়ে যায় আসল অপরাধীরা। এমনটা হওয়ার কারণে দেশে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যাচ্ছে। এমনটি যেন না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। আমি মনে করি, জমে থাকা বিচারগুলোর দ্রুত নিষ্পত্তি হওয়া দরকার। দেশ এবং দেশের মানুষের জন্য এ বিচারগুলো তাড়াতাড়ি করা উচিত। আর কোনো অপরাধী ধরা পড়লে দ্রুত বিচার সম্পন্ন হলে মানুষ মনে করবে, দেশে আইনের শাসন আছে। সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। কিশোরগঞ্জ